Image description

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হয়ে এসে বিজয়কে নাকি প্রায় ১০০ বার বিয়ের প্রস্তাব দিতে হয়েছিল—এমন মন্তব্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা ও ট্রোল। বিজয়ের প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।

সমালোচনা তুঙ্গে উঠলে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও স্পষ্ট বার্তা প্রকাশ করেন রাশমিকা। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, মানুষ তাদের কথোপকথনের পেছনের মূল ভাবনাকে বাদ দিয়ে কেবল ‘১০০ বার বলা’ কিংবা ‘এক বছর সময় নেওয়া’র মতো বিষয়গুলো নিয়েই মেতে উঠেছে।

রাশমিকা লিখেছেন, “প্রথমেই বলে রাখি, বিষয়টি কখনোই কতবার বলা হয়েছিল কিংবা পুরো এক বছর সময় নেওয়া নিয়ে ছিল না। আপনারা ঠিক সেখানেই আটকে গেছেন। হ্যাঁ, এমন কথোপকথন হয়েছিল; কিন্তু আমাদের কেউই জাঁকজমকপূর্ণ কোনো প্রস্তাবের অপেক্ষায় ছিলাম না।”

বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরকে বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এই অভিনেত্রী বলেন, “বিষয়টি ছিল—জীবনের সব উত্থান-পতন, আনন্দ ও চাপের মধ্যেও আমরা দুজন একে অপরকে বুঝতে যথেষ্ট সময় ও সুযোগ নিই। আমরা সত্যিই বিয়ে করতে চাই কি না এবং সেটি করার উপযুক্ত সময় কি না, তা নিশ্চিত হওয়াই ছিল মূল কথা।”

তিনি আরও স্পষ্ট করেন যে, তাদের কাছে বিয়ের অর্থ হাঁটু গেড়ে বসে আংটি পরানোর মতো বাহ্যিক কোনো আয়োজন নয়, বরং একসঙ্গে জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলা। বিজয়ের চিন্তাভাবনা ও নিজের আবেগপ্রবণ স্বভাবের সুন্দর সমন্বয় তাদের সম্পর্ককে শক্তিশালী করেছে বলে জানান তিনি।

বিজয়কে নিজের জীবনের সেরা সঙ্গী হিসেবে বেছে নেওয়ার কথা উল্লেখ করে রাশমিকা লেখেন, “আমি যাকে বিয়ে করছি, তার প্রেমে যদি গভীরভাবে না-ই পড়ি, তাহলে তাকে বিয়ে করব কেন? তিনি সারাজীবনের সঙ্গী হবেন। সাধারণ ও অসাধারণ প্রতিটি দিনের বন্ধু, আমার সন্তানের বাবা এবং সেই মানুষ, যার সঙ্গে আমি বৃদ্ধ হতে চাই।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে অনাকাঙ্ক্ষিত পরামর্শ ও আক্রমণাত্মক মন্তব্যে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “আমাদের নিয়ে চিন্তা করবেন না। আমি জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সুখী। আমি সুখী, তৃপ্ত এবং নিজেকে ভাগ্যবান মনে করি।”

উল্লেখ্য, দীর্ঘ গুঞ্জন ও সম্পর্কের পর চলতি বছরের (২০২৬) ফেব্রুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এর আগে ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ এবং সম্প্রতি ‘রানাবালি’ সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করে দর্শকের মন জয় করেছেন এই তারকা জুটি।

ডিআর