সারাদেশে প্রশাসনিক শৃঙ্খলা ও মাঠপর্যায়ের কাজের সমন্বয় সাধনের লক্ষ্যে একযোগে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বিভিন্ন কর্মস্থলে বদলি করেছে সরকার।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগ থেকে বদলিসংক্রান্ত এ আনুষ্ঠানিক আদেশ নিবন্ধন অধিদপ্তরের নিবন্ধন মহাপরিদর্শকের (আইজিআর) কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বদলিকৃত সাব-রেজিস্ট্রারদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাঁদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব নিবন্ধন মহাপরিদর্শক কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে সমর্পণ করতে হবে। দায়িত্ব হস্তান্তরের পর বিলম্ব না করে অভিলম্বে তাঁদের নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও প্রশাসনিক নির্দেশনা জারি করতে নিবন্ধন মহাপরিদর্শককে অনুরোধ জানিয়েছে আইন ও বিচার বিভাগ।
আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত নিবন্ধন অধিদপ্তরের আওতাভুক্ত সাব-রেজিস্ট্রাররা মাঠপর্যায়ে সরাসরি জমি ও সম্পত্তি নিবন্ধনের দায়িত্ব পালন করে থাকেন। স্থাবর সম্পত্তি কেনাবেচার দলিল, ফ্ল্যাট ও বাড়ি বিক্রয় দলিল, দানপত্র, বণ্টননামা এবং বন্ধকিসহ নানা ধরনের আইনি দলিল যাচাই-বাছাইপূর্বক তা নিবন্ধনের মূল কাজ পরিচালনা করেন এই কর্মকর্তারা।

এর পাশাপাশি নিবন্ধিত সকল দলিলের স্থায়ী রেকর্ড সংরক্ষণ, সরকারের নির্ধারিত সরকারি ফি, উৎস কর ও প্রয়োজনীয় রাজস্ব-শুল্ক আদায় এবং প্রচলিত সরকারি আইন-বিধি অনুযায়ী দৈনন্দিন নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশাসনের শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা গতিশীল করতেই এই ব্যাপক রদবদল আনা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ডিআর




Comments