ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্মদিনের পার্টির একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে নাচতে দেখা যায় এই অভিনেত্রীকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই তার নাচের সঙ্গীকে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উদ্যাপন করেন পরীমনি। এর চার দিন পর বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে নাচের ভিডিওটি প্রকাশ করেন তিনি। ‘একটু নাচ তো থাকতেই হয়!’—ক্যাপশনে পোস্ট করা ভিডিওটি অল্প সময়েই দর্শকদের নজর কাড়ে।
ভিডিওতে দেখা যায়, জন্মদিনের অনুষ্ঠানে সংগীতের তালে তালে এক ব্যক্তির সঙ্গে নাচছেন পরীমনি। পরে অতিথিদের সঙ্গে আনন্দঘন মুহূর্তেও অংশ নেন তিনি। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নানা মন্তব্য দেখা গেছে।
ভিডিওতে পরীমনির নাচের সঙ্গী গোলাম হোসেন কিবরিয়া। তিনি পেশায় একজন ড্যান্স কোরিওগ্রাফার ও ফ্যাশন হাউসের উদ্যোক্তা। পরীমনির সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
এদিকে জন্মদিনের আয়োজনের পাশাপাশি নতুন সিনেমার খবরও দিয়েছেন পরীমনি। পরিচালক তারেক রহমানের ‘ফারজানা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটির শুটিং ইতোমধ্যে বেশ কিছুটা এগিয়েছে। আগামী রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসএস




Comments