Image description

ফিফা আয়োজিত প্রথম অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ ষোলোতে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোর মুখোমুখি হবে বাংলাদেশ।

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। বাংলাদেশের হয়ে ১২তম মিনিটে গোল করেন রাতুল। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে সিঙ্গাপুরকে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ।

এর আগে শেষ বত্রিশের লড়াইয়েও টাইব্রেকারে জয় পেয়েছিল বাংলাদেশ। সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে দলটি। ওই ম্যাচেও বাংলাদেশের একমাত্র গোলটি করেছিলেন রাতুল।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের দল। টুর্নামেন্টে ছয় ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় জয়। এবার কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশের কিশোররা।

এসএস