Image description

এশিয়া কাপ আর্চারি ও বিশ্ব র‍্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ। ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে লাল-সবুজ পতাকার আর্চাররা এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশের হয়ে স্বর্ণ জয় করেন দেশের উদীয়মান তিন আর্চার আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি। চার সেট মিলিয়ে বাংলাদেশ দল মোট ২১২ পয়েন্ট সংগ্রহ করে, যেখানে প্রতিপক্ষ কাজাখস্তানের সংগ্রহ ছিল ২১০ পয়েন্ট।

ম্যাচের শুরুটা খুব একটা অনুকূলে ছিল না বাংলাদেশের জন্য। প্রথম সেটে ৫০ পয়েন্ট তুলে ৫৩ পয়েন্ট সংগ্রহ করা কাজাখস্তানের কাছে কিছুটা পিছিয়ে পড়েছিল তারা। তবে প্রথম সেটের সেই ধাক্কা সামলে পরের সেটগুলোতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান সাগর-আলিফ-রাফি ত্রয়ী।

দ্বিতীয় সেটে দারুণভাবে কামব্যাক করে বাংলাদেশ ৫৫০ এবং কাজাখস্তান ৫৪ পয়েন্ট অর্জন করলে ম্যাচে সমতা ফিরে আসে। তৃতীয় সেটেও নিজেদের আধিপত্য বজায় রেখে বাংলাদেশ তোলে ৫৫ পয়েন্ট (কাজাখস্তান ৫২)। এরপর চতুর্থ ও শেষ সেটে দুই দলই চরম চাপের মুখে পড়ে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে ৫২–৫১ পয়েন্টে জয় তুলে নিয়ে ৬–২ ব্যবধানের সুনিশ্চিত জয় ও শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ।

পুরো ফাইনালে ব্যক্তিগত পারফরম্যান্সে সবচেয়ে বেশি পয়েন্ট তুলে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন আবদুর রহমান আলিফ। চার সেটে তাঁর একক সংগ্রহ ছিল ৭৬ পয়েন্ট। এছাড়া মোহাম্মদ রাফি ৭০ এবং সাগর ইসলাম ৬৬ পয়েন্ট অর্জন করেন।

চলমান এশিয়া কাপ ও বিশ্ব র‍্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণপদক জয়ের গৌরব। এর আগে নারী কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকেই ২৩০–২২০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশের নারী আর্চার দল। টুর্নামেন্টে বাংলাদেশ দলের ধারাবাহিক এই সাফল্য দেশজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।

ডিআর