Image description

ভোটার তালিকা সংশোধনে কথিত ব্যাপক অনিয়ম ও ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী ১ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে ‘চলো দিল্লি রামলীলা মার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দেশের গণতন্ত্র রক্ষা ও সংবিধান সুরক্ষার দাবিতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে দলীয় পরিচয় নির্বিশেষে দেশের সর্বস্তরের জনগণ ও ছাত্রসমাজকে রাজপথে নেমে আসার জোরালো আহ্বান জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি ভিডিও বার্তা ও পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেন রাহুল গান্ধী।

পোস্টে পুলিশি দমনপীড়নের আশঙ্কা উড়িয়ে দিয়ে রাহুল গান্ধী দৃঢ়তার সঙ্গে বলেন, “পুলিশের বাধা বা লাঠিচার্জের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি এ ধরনের কোনো অপকৌশল চালানোর সাহস পাবে না।” তিনি স্পষ্ট করে দেন যে, এই পদযাত্রা কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং গোটা ভারতের আত্মা ও নাগরিক অধিকার রক্ষার একটি অরাজনৈতিক লড়াই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নির্বাচন কমিশনের সমালোচনা করে রাহুল বলেন, “যারা নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং দেশের গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে চান, তাদের প্রত্যেকেরই এই আন্দোলনে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব।”

সব রাজনৈতিক মতাদর্শের ছাত্রসংগঠন ও যুবসমাজকে রামলীলা ময়দানে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে রাহুল আরও বলেন, “আপনারা যে মতাদর্শের অনুসারীই হোন না কেন, যদি আপনাদের মনে হয় যে আজকের ভারত আক্রান্ত, আপনাদের বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার কিংবা চিন্তাধারা চরম হুমকির মুখে—তবে আর ঘরে বসে থাকবেন না, আমাদের সঙ্গে যোগ দিন।” দেশের রাষ্ট্র ও সংবিধান সুরক্ষায় আয়োজিত এই ঐতিহাসিক মার্চে সবার সঙ্গে তার দেখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিআর