যান্ত্রিক ত্রুটি সারানোর পর অবশেষে দীর্ঘ পাঁচ ঘণ্টা বিলম্বে জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ভিভিআইপি ফ্লাইট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত পৌনে ৮টা) বিমানটি টোকিও থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
চার দিনের সফল জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা ছিল। তবে বোর্ডিং সম্পন্ন করে টার্মিনাল থেকে পুশব্যাকের পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে বিমানের স্পয়লারে যান্ত্রিক ত্রুটির সংকেত ধরা পড়ে। ফলে নিরাপত্তা নিশ্চিতে পাইলট উড্ডয়ন স্থগিত করে উড়োজাহাজটিকে পুনরায় পার্কিং বে-তে ফিরিয়ে আনেন।
পরবর্তীতে বিমানের প্রকৌশলী দলের টানা চার ঘণ্টার নিবিড় চেষ্টার পর স্থানীয় সময় সোয়া ১০টার দিকে (বাংলাদেশ সময় সোয়া ৭টা) স্পয়লারের ত্রুটিটি সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হয়। সকল কারিগরি ও সেফটি পরীক্ষা শেষে রাত পৌনে ১১টায় বিমানটি আকাশে ডানা মেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির কারণেই ফ্লাইটটি ছাড়তে বিলম্ব হয়েছে। ত্রুটির সমাধান নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রীসহ সকল সফরসঙ্গী নিরাপদভাবে বিমানে আরোহণ করেন। অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রী ও সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন পর্যটনমন্ত্রী।
উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় বৈঠক ও বাণিজ্য বৃদ্ধির আলোচনা সফলভাবে সম্পন্ন করে এই সফর শেষে আজ রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ডিআর




Comments