Image description

‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ তৈরি ও চরিত্রহননের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তার এক হওয়ার যে দাবি পত্রিকাটি করেছে, তা সম্পূর্ণ অসত্য।

রোববার (১ নভেম্বর) রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি মর্মে আমার দেশ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি। আমি শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেল খেটেছি।’

নিজের কোনো বক্তব্য অপছন্দ হলে রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীরা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তবে একটি পত্রিকা হিসেবে ‘আমার দেশ’ তাকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না বলে দাবি করেন রাশেদ খান। তার ভাষ্য, তাকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ করার অধিকার নেই।

রাশেদ খানের অভিযোগ, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য সামনে আনার পর পাল্টা ন্যারেটিভ হিসেবে তার সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কের অভিযোগ সামনে এনেছে ‘আমার দেশ’।

তিনি বলেন, এ অভিযোগ জামায়াত বা দলটির কোনো নেতা করলে তিনি রাজনৈতিকভাবে জবাব দিতেন। কিন্তু জামায়াত ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে বলে তিনি মনে করেন। সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন।

পত্রিকা হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, ‘আমার দেশ’ এসব নীতিমালার কোনোটিই অনুসরণ করে না।