Image description

চুক্তিভঙ্গের অভিযোগে অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। গত ২৮ অক্টোবর প্রতিষ্ঠানের পক্ষে ব্যারিস্টার সজিব মাহমুদ আলম এ নোটিশ পাঠান।

প্রযোজনা প্রতিষ্ঠানটির অভিযোগ, আগামী ঈদুল আজহায় মুক্তির জন্য নির্মিত ‘ঠিকানা’ সিনেমার শুটিংয়ের জন্য শরিফুল রাজ সময় দিচ্ছেন না। একই সময়ে তিনি অন্য একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দেওয়ায় চুক্তির শর্তও ভঙ্গ হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশে বলা হয়, ‘ঠিকানা’ সিনেমায় অভিনয়, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন শর্তে শরিফুল রাজের সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশনের একটি আর্টিস্ট সার্ভিস অ্যাগ্রিমেন্ট হয়েছে। এ চুক্তির আওতায় তিনি অগ্রিম পারিশ্রমিকও নিয়েছেন।

চুক্তির ৯ নম্বর ধারায় বলা হয়েছে, সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহা বা তার পরবর্তী সময়ে মুক্তি পাবে। আর ৪.১১ ধারায় উল্লেখ রয়েছে, ‘ঠিকানা’ মুক্তির সময় শরিফুল রাজের প্রধান বা উল্লেখযোগ্য চরিত্রে অভিনীত অন্য কোনো সিনেমা মুক্তি পাবে না।

নোটিশে আরও বলা হয়, গত ৩১ আগস্ট ফেসবুকে শরিফুল রাজ জানান, তিনি ‘কানাভুলা প্যারাডক্স’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটিও আগামী ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। ওই ঘোষণার পর ‘ঠিকানা’ সিনেমার স্পনসর ও অংশীজনেরা সরে যেতে চাইছেন বলে নোটিশে দাবি করা হয়েছে।

এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর শরিফুল রাজকে প্রথম নোটিশ পাঠানো হয়। সেখানে প্রতিদ্বন্দ্বী সিনেমার প্রচার বন্ধ, ফেসবুকের পোস্ট সরানো, ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং চুক্তির শর্ত মেনে চলার লিখিত নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছিল।

নোটিশে দাবি করা হয়েছে, প্রথম নোটিশের পর শরিফুল রাজ ও তার ম্যানেজার সরাসরি যোগাযোগ করে বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসার আশ্বাস দিলেও সিনেমার শুটিংয়ের জন্য কোনো সময়সূচি দেননি।

এবারের নোটিশে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ‘ঠিকানা’র শুটিংয়ের জন্য সময় দিতে বলা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দিতে হলে পোস্ট-প্রোডাকশনের জন্য প্রায় দুই মাস সময় প্রয়োজন।

এ বিষয়ে শরিফুল রাজের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।