Image description

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই দুই জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম।

বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে মাহির ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। মাহি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন। ছেলের সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন শাহজাহান খান। ছেলের ছবিসহ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’

এ খবর গণমাধ্যমে প্রকাশের পর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির ঘোষণা আসে। তবে কেন্দ্রীয় সংসদের বিবৃতিতে শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা বলা হয়েছে।

২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এরপর নতুন কমিটি গঠন না হওয়ায় বিলুপ্তির আগ পর্যন্ত ওই কমিটিই জেলা ছাত্রদলের নেতৃত্ব দিয়ে আসছিল।

এনএ