Image description

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের এ আন্দোলন টানা চতুর্থ দিনে গড়িয়েছে। এদিকে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ফলে আপাতত মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং সেখান থেকে যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মিরপুর-১১ নম্বর স্টেশন পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম।

বিএইচ