বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় পরাজয়ের মুখে পড়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।
বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়। অক্টোবরের শুরুর পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে নামল।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৭৩ ডলারে নেমে আসে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর বিশ্ববাজারে শেয়ারদরে বড় উত্থান দেখা গেছে। এতে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কিছুটা কমেছে।
ওয়াল স্ট্রিটে যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ারবাজার সূচকই ঊর্ধ্বমুখী ছিল। যোগাযোগ পরিষেবা, ভোক্তাপণ্য ও প্রযুক্তি খাতের শেয়ারদর বৃদ্ধির কারণে এ উত্থান হয়েছে। তবে সবচেয়ে বেশি দরপতন হয়েছে জ্বালানি খাতের শেয়ারগুলোতে।
এসএস




Comments