সেন্টমার্টিন দ্বীপে পর্যটক পরিবহনের জন্য তিনটি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অনুমতি পাওয়া জাহাজগুলো হলো এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। তিনটি জাহাজে একসঙ্গে মোট ২ হাজার ২৯৮ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতির কথা জানানো হয়।
জাহাজমালিকদের তথ্যমতে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সরকারি দপ্তরগুলোর অনুমোদনের পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর জাহাজ চলাচল শুরু হচ্ছে।
নির্ধারিত সময় অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় এবং এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে ঘাট ছাড়বে। অন্যদিকে এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। জাহাজটি বেলা সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিনে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণ ও সেখানে রাতযাপনের অনুমতি দিয়েছে সরকার। এ সময় দ্বীপে যেতে ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।




Comments