সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতে ক্যাচ মিসের হতাশায় পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। দুই দুর্দান্ত ইনসুইংয়ে ব্রেন্ডন কিং ও কাভেম হজকে বোল্ড করে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে হাসান মাহমুদের দ্বিতীয় ওভারে সেকেন্ড স্লিপে জশুয়া ডি সিলভার সহজ ক্যাচ ফেলেন সাদমান ইসলাম। বল হাতে পেয়েও তালুবন্দি করতে পারেননি তিনি।
তবে উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। পঞ্চম ওভারে তাসকিন আহমেদের প্রথম বলেই সাজঘরে ফেরেন ব্রেন্ডন কিং। ফুলার লেন্থের বলটি মিডউইকেটে ফ্লিক করতে চেয়েছিলেন এই ওপেনার। কিন্তু ইনসুইংয়ে ব্যাটের ফাঁক গলে সরাসরি আঘাত হানে স্টাম্পে। ১৮ বলে ৯ রান করে ফেরেন কিং। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর দলীয় স্কোরে মাত্র এক রান যোগ হতেই দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এবার হাসান মাহমুদের শিকার কাভেম হজ। হাসানের করা ইনসুইং ডেলিভারি অফ স্টাম্পের ওপর দিয়ে যাওয়ায় প্রথমে ছেড়ে দেন তিনি। পরেরবারও একই ধরনের বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেন হজ। কিন্তু এবার বল স্কিড করে সরাসরি আঘাত করে মিডল স্টাম্পে। ১ রানেই বিদায় নেন এই ব্যাটার।
এতে দলীয় ১৪ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে দুই দলই একাদশে দুটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামে। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ক্যারিবীয়দের একাদশে নেই ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল। তাদের পরিবর্তে খেলছেন জশুয়া ডি সিলভা ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম।
বিএইচ


Comments