Image description

দেশে আদৌ কোনো সরকারব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

পোস্টে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির।

তিনি লেখেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনাকে আরও উদ্বেগজনক উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘এটা দেখার এই দেশে কেউ কি নেই?’

ডা. শফিকুর রহমান এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।

বিএইচ