Image description

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা সম্পন্ন হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এক হৃদয়বিদারক পরিবেশে এই জানাজা অনুষ্ঠিত হয়।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার ট্যাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জানাজা শেষে বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বৃষ্টির কফিন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আগামী শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বৃষ্টির সঙ্গে নিহত তার হবু বর ও সহপাঠী জামিল আহমেদ লিমনের মরদেহ গত সোমবার দেশে আসার পর জামালপুরের মাদারগঞ্জে দাফন করা হয়েছে। এই দুই তরুণ-তরুণীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, নিহত দুই শিক্ষার্থীর মেধা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের মরণোত্তর ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানে লিমন ও বৃষ্টির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি প্রদানের সময় এই দুই শিক্ষার্থীর সম্মানে রেগালিয়াসহ (গাউন, ক্যাপ ও হুড) দুটি খালি চেয়ার রাখা হবে। মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি তাদের পরিবারের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন ও বৃষ্টি। পরে ২৪ এপ্রিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ এবং ১ মে বৃষ্টির দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। এই জোড়া হত্যাকাণ্ডের দায়ে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ এনেছে। লিমন খুলনা বিশ্ববিদ্যালয়ের এবং বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।

মানবকণ্ঠ/আরআই