কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
নিহত প্রবাসীরা হলেন—কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহানিয়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি প্রবাসীসহ মোট ছয়জন প্রাণ হারান। বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কানাইঘাটের একই গ্রামের ৫ জন রেমিট্যান্স যোদ্ধার এমন করুণ মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক গণমাধ্যমকে জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে স্বজনদের কাছে পাঠানোর জন্য কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও যোগাযোগ চালিয়ে যাচ্ছে জালালাবাদ অ্যাসোসিয়েশন।
মানবকণ্ঠ/ডিআর




Comments