Image description

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের এবং একজন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নিহতরা হলেন—নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মো. ফাহিম (২৯), আপন আহমেদ (২৩), নুর মোহাম্মদ (৫৫) এবং একই ইউনিয়নের তৈলখিরার চর গ্রামের মো. ফয়সাল (২৬)। এছাড়া পাশের বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের মো. শাহিন (৩০) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া গ্রামের মো. রাজিক (৫৫) এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নিহতদের মধ্যে চারজন আমার ইউনিয়নের বাসিন্দা এবং তাঁরা একে অপরের নিকটাত্মীয়। বাকি দুজন পার্শ্ববর্তী বক্তাবলী ও মুন্সিগঞ্জের বাসিন্দা।"

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো দাপ্তরিক তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। তবে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে, দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের বেশ কয়েকজন নিহত হয়েছেন। আমরা শোকসন্তপ্ত পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।"

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনের একটি দোকানে আগুন লাগে। সে সময় নিহতরা সবাই দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। আগুনের তীব্রতায় তাঁরা বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে। প্রবাসী এই রেমিট্যান্স যোদ্ধাদের অকাল মৃত্যুতে তাঁদের গ্রামের বাড়িগুলোতে এখন শোকের মাতম চলছে।

মানবকণ্ঠ/ডিআর