Image description

কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদক পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়।

সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ১০ বিজিবি ও সুলতানপুর ৬০ বিজিবি গত তিন থেকে চার বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় ইনজেকশন। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা।

অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তারা বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদক প্রবেশ ঠেকাতে সীমান্তে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে সীমান্তে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে। এ ক্ষেত্রে তাঁরা স্থানীয় জনসাধারণের সহযোগিতাও কামনা করেন।

মাদক ধ্বংস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, জেলা প্রশাসক রোজী আক্তার, ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর