Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে এবং ১৬ জানুয়ারী ফাইনাল আয়োজনের পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের আসরের জন্য পাঁচটি দলের নাম চূড়ান্ত করেছে। পূর্বের মালিকানা পরিবর্তন হলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম অপরিবর্তিত রাখার নীতি মেনেই নতুন নাম নিশ্চিত করেছে বোর্ড।

এবারের বিপিএলে যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি খেলবে, সেগুলো হলো: ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স।

গত মৌসুমের রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের নাম অপরিবর্তিত থাকলেও, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ডিংয়ে পরিবর্তন এসেছে। চট্টগ্রাম এখন খেলবে চট্টগ্রাম রয়্যালস নামে, সিলেট অংশ নেবে সিলেট টাইটান্স হিসেবে এবং রাজশাহী পরিচিত হবে রাজশাহী ওয়ারিয়র্স নামে।

গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল সভার পর নতুন মালিকানা নিশ্চিত করা হয়। রংপুর রাইডার্সের মালিকানায় রয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানায় নাবিল গ্রুপ, সিলেট টাইটান্সের মালিকানায় ক্রিকেট উইথ সামি এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানায় চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

আগামী ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বিসিবি জানিয়েছে, দলগুলোকে নিয়ে প্রস্তুতি কাজ জোরেশোরে চলছে। দীর্ঘদিন ধরে ছয় ও সাত দলের ফরম্যাটে অভ্যস্ত বিপিএল এবার পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজিত হবে, এমন সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বিসিবি।