আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে চরম টানাপোড়েন শুরু হয়েছে। এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, মুস্তাফিজের মতো একজন বৈশ্বিক তারকাকে আইপিএল থেকে বাদ দেওয়া কেবল ব্যক্তিগত অপমান নয়, বরং এটি পুরো বাংলাদেশের জন্য অবমাননাকর।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, “ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। মুস্তাফিজকে অপমান করা মানে আমাদের দেশকেই অপমান করা। বিসিবি ভারতে বিশ্বকাপ না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার সঙ্গে একমত।”
বিদ্যমান পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আইসিসিকে আগেই জানিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা বিপিএলের অভিজ্ঞতার আলোকে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দিয়েছে। এই সিদ্ধান্তের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও জোরালো সমর্থন জানিয়েছেন।
বিসিবির এই চিঠির বিষয়ে আজ বা কালকের মধ্যে আইসিসির চূড়ান্ত জবাব আসার কথা রয়েছে। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কে যে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে, মির্জা ফখরুলের এই বক্তব্য তাকে আরও জোরালো করল।
মানবকণ্ঠ/আরআই




Comments