টি-টোয়েন্টি বিশ্বকাপ
রোমাঞ্চকর জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, টিকে রইল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই রোমাঞ্চকর জয়ে ইংলিশরা যেমন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, তেমনি সেমিফাইনালে ওঠার আশা টিকে রইল পাকিস্তানের। অন্যদিকে এই হারে সেমির দৌড়ে বেশ শঙ্কার মধ্যে পড়ে গেল কিউইরা।
টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। শুরুতে জফরা আর্চারের তোপের মুখে পড়লেও টিম সেইফার্ট ও ফিন অ্যালেন মিলে পাওয়ার প্লেতে ৫৪ রান তোলেন। সেইফার্ট ৩৫ ও অ্যালেন ২৯ রান করে আউট হওয়ার পর ইংলিশ স্পিনারদের ঘূর্ণিতে খেই হারায় কিউইরা। গ্লেন ফিলিপসের ৩৯ রান ছাড়া আর কেউ বড় স্কোর গড়তে পারেননি। ইংল্যান্ডের পক্ষে স্পিনাররাই দাপট দেখান; আদিল রশিদ, উইল জ্যাকস ও রেহান আহমেদ প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।
১৬০ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো। ২ ওভারের আগেই শূন্য রানে জস বাটলার ও ২ রানে ফিল সল্ট সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক হ্যারি ব্রুক (২৬) ও জ্যাকব বেথেল (২১) চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে স্যাম কারান (২৪) এবং টম ব্যান্টন (৩৩) আউট হয়ে গেলে একপর্যায়ে হারের শঙ্কায় পড়ে যায় ইংলিশরা।
কিন্তু খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন উইল জ্যাকস ও রেহান আহমেদ। সপ্তম উইকেটে এই দুজনের দায়িত্বশীল ও দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই দারুণ এক জয় তুলে নেয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত জ্যাকস ২৮ এবং রেহান ১৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
মানবকণ্ঠ/আরআই




Comments