Image description

দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চিরবিদায় নিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত কৃতি জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতায় ভোগার পর গত সোমবার (৪ মে) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার (৫ মে) বাদ জোহর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।

সত্তর ও আশির দশকে নারী অ্যাথলেট হিসেবে জিমন্যাস্টিক্সের মতো কঠিন ও চ্যালেঞ্জিং খেলায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন খুশি। ১৯৭৭ সালের ২০ জুলাই দেশের প্রথম ক্রীড়া ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। জিমন্যাস্টিক্সের পাশাপাশি তিনি জাতীয় জুডো চ্যাম্পিয়নও ছিলেন।

খেলোয়াড়ি জীবন শেষে তিনি নিজেকে কোচিং পেশায় নিয়োজিত করেন। জাতীয় ক্রীড়া পরিষদের কোচ হিসেবে তিনি দীর্ঘকাল দেশের জিমন্যাস্টিক্সের উন্নয়নে কাজ করেছেন। ক্রীড়াঙ্গনে তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাকে 'জাতীয় ক্রীড়া পুরস্কার'-এ ভূষিত করা হয়। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহলে শোকের আবহ বিরাজ করছে।

মানবকণ্ঠ/আরআই