Image description

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাংলাদেশের মিডিয়া স্বত্ব নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড নির্ধারিত অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ফিফার সঙ্গে তাদের ৮৮ কোটি টাকার (৭.২১১ মিলিয়ন ডলার) চুক্তিটি বাতিল হয়ে গেছে। ফলে এখন বাংলাদেশের সম্প্রচার প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম দামে সরাসরি ফিফার কাছ থেকে স্বত্ব কেনার সুযোগ পাচ্ছে।

স্প্রিংবকের প্রধান নির্বাহী গোপাল পাডিয়া চুক্তি থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাংলাদেশে চড়া দামে স্বত্ব বিক্রি করতে না পারায় তারা এই অধিকার ছেড়ে দিয়েছেন। উল্লেখ্য, স্প্রিংবক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভির কাছে প্রায় ১৫০ কোটি ৯৮ লাখ টাকা দাবি করেছিল, যা বাজারদরের তুলনায় অনেক বেশি ছিল। কিস্তির টাকা পরিশোধ না করায় গত সপ্তাহেই ফিফা এই চুক্তি বাতিল করে দেয়।

চুক্তি বাতিলের পর এখন বাংলাদেশের ‘টি স্পোর্টস’ ও ‘স্টার নিউজ’-এর যৌথ উদ্যোগ এবং দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান সরাসরি ফিফার সঙ্গে দরকষাকষি করছে। সংশ্লিষ্টদের মতে, ফিফা শুরুতে ৭ মিলিয়ন ডলার চাইলেও এখন ৫ মিলিয়ন ডলারের আশেপাশে দাম চাইছে। তবে ভারত ও চীনের বাজার পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশি ক্রেতারা এটি ২ থেকে ৩ মিলিয়ন ডলারের মধ্যে নামিয়ে আনার চেষ্টা করছেন।

এদিকে, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভির জন্য ফিফার কাছে বিনামূল্যে ফিড চেয়ে আবেদন করলেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফিফার যুক্তি, এই স্বত্ব থেকে প্রাপ্ত আয় স্থানীয় ফুটবল ফেডারেশনগুলোর উন্নয়নে ব্যয় করা হয়, তাই বিনামূল্যে দেওয়ার সুযোগ নেই। বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্বত্ব কিনলে বিটিভিকেও অর্থ দিয়ে ফিড নিতে হবে।

বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম জানান, বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোনো তথ্য আসেনি, তবে আশা করা হচ্ছে আগামী দু-এক দিনের মধ্যেই ইতিবাচক সমাধান মিলবে।

আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপে এবার মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষিত এই আসরের সম্প্রচার নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুতই কাটবে বলে ফুটবল প্রেমীরা আশা করছেন।

মানবকণ্ঠ/আরআই