বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তা অর্জন করতে পারল না মিশর। বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকেও আত্মঘাতী গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে আফ্রিকার প্রতিনিধিরা।
এর ফলে ১৯৩৪, ১৯৯০, ২০১৮ ও ২০২৬ এই চারটি বিশ্বকাপে খেলা আট ম্যাচের একটিতেও জয়ের দেখা পেল না মিশর। বিশ্বকাপ ইতিহাসে তাদের জয়শূন্যতার রেকর্ড আরও দীর্ঘ হলো।
ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বেলজিয়াম। তবে গোলের দেখা প্রথমে পায় মিশরই। ২০তম মিনিটে অধিনায়ক মোহাম্মদ সালাহর দারুণ এক পাস থেকে গোল করেন ইমাম আশুর।
বাঁ প্রান্ত দিয়ে উঠে আসা আশুর বল নিয়ন্ত্রণে নিয়ে বেলজিয়ামের রক্ষণভাগকে ফাঁকি দেন। এরপর নেওয়া তার শক্তিশালী শট ঠেকাতে ব্যর্থ হন গোলরক্ষক থিবো কোর্তোয়া। নিখুঁত ফিনিশিংয়ে মিশরকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি।
প্রথমার্ধে সেই ব্যবধান ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বেলজিয়াম। ৬৬তম মিনিটে থমাস মিউনিয়ারের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে ফেলেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানী। ওই সময় আক্রমণে ছিলেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু।
গোল শোধের পর জয়ের জন্য চাপ বাড়ায় বেলজিয়াম। শেষ দিকে একের পর এক আক্রমণ চালালেও মিশরের রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পাওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামা মিশর শেষ পর্যন্ত সেই আক্ষেপ ঘোচাতে পারেনি। তবে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ড্র করে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলে নিয়েছে তারা।




Comments