২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফরাসিরা।
বুধবার (১৭ জুন) গ্রুপ ‘আই’-এর এই উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ইউরোপ ও আফ্রিকার দুই পরাশক্তি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের লড়াই। ম্যাচের ৬১ মিনিটে একটি পেনাল্টি পেলেও ভিএআর (VAR) রিভিউতে তা বাতিল হয়ে যায়। তবে সেই হতাশা কাটিয়ে উঠতে বেশি সময় নেয়নি ফ্রান্স। ৬৬ মিনিটে মাইকেল অলিসের অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন এমবাপ্পে।
ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা ব্র্যাডলি বারকোলা। আদ্রিয়েন রাবিয়টের পাস থেকে গোলটি করেন তিনি। খেলা যখন শেষ মুহূর্তের দিকে, তখন নাটকীয়তা আরও বাড়ে। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে (৯০+৪) ইব্রাহিম এমবায়ে গোল করে সেনেগালকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। কিন্তু ঠিক তার পরের মিনিটেই (৯০+৫) নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে সেনেগালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপ্পে।
পুরো ম্যাচে ৫৪ শতাংশ সময় বল দখলে রেখেছিল ফ্রান্স। তারা মোট ১১টি শট নেয়, যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সেনেগাল ৬টি শট নিলেও মাত্র ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। এই জয়ের ফলে গ্রুপ ‘আই’-এর পয়েন্ট টেবিলে নরওয়ের ঠিক পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফ্রান্স। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ৪-১ ব্যবধানে ইরাককে হারানো নরওয়ে রয়েছে শীর্ষে।
নিজেদের পরবর্তী ম্যাচে ফ্রান্স মুখোমুখি হবে ইরাকের এবং সেনেগালের প্রতিপক্ষ নরওয়ে।
মানবকণ্ঠ/ডিআর




Comments