প্রথম দুই ম্যাচে অনুপস্থিত থাকার পর অবশেষে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এসেছে। আগামী বুধবার (২৪ জুন) মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র।
শনিবার (২০ জুন) হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, নেইমার বর্তমানে একক অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং সোমবার থেকে পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাকে একাদশে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী কোচ।
ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের হয়ে খেলার সময় চোট পাওয়ার প্রায় এক মাস পর গত মঙ্গলবার প্রথমবার বল পায়ে অনুশীলনে ফেরেন নেইমার। হাইতির বিপক্ষে ম্যাচের জন্য তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাননি, বরং বিশ্বকাপের বেস ক্যাম্প মরিস্টনের হোটেলেই তার পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন।
উইঙ্গার রাফিনিয়ার চোট নিয়ে যখন ব্রাজিল শিবিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে, ঠিক তখনই নেইমারের এই প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই বড় অনুপ্রেরণা দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। হাইতির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছিল বার্সেলোনার এই ফরোয়ার্ডকে।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি হাইতির বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, "আক্রমণভাগে আমাদের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় চমৎকার ছিল। হাইতির রক্ষণভাগের পাঁচজন ডিফেন্ডার দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকলেও আমাদের ছেলেরা পরিকল্পনা অনুযায়ী সুযোগ তৈরি করতে পেরেছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments