Image description

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে অনাকাঙ্ক্ষিত বিদায়ের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে হেক্সা জয়ের স্বপ্ন চূর্ণ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

সিবিএফ তাদের অফিসিয়াল পোস্টে লিখেছে, "ব্রাজিল জাতীয় দলের ইতিহাস যেমন দুর্দান্ত সব অর্জনে ভরা, তেমনই কিছু কঠিন মুহূর্ত আমাদের পথচলাকে আরও শক্তিশালী করে তোলে। আজ আমরা বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছি, তবে এই বিশ্বাস নিয়ে যে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। ধন্যবাদ, প্রতিটি ব্রাজিলিয়ান সমর্থককে।"

নিউ জার্সিতে অনুষ্ঠিত নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে আর্লিং হালান্ডের জোড়া গোলে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুর দিকে ব্রুনো গুইমারেস পেনাল্টি মিস করায় বড় ধাক্কা খায় সেলেসাওরা। যদিও ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ে নেইমার জুনিয়র পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন, তবে তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এই বিদায়ের ফলে বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা-খরা আরও দীর্ঘ হলো। সর্বশেষ ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে পঞ্চমবারের মতো ট্রফি জিতেছিল ব্রাজিল। এরপর ২০০৬ থেকে ২০২৬—টানা ছয়টি আসরেই শিরোপাবঞ্চিত থাকতে হলো ফুটবলের সবচেয়ে সফল এই দেশটিকে। দুই দশকেরও বেশি সময় ধরে চলা এই ট্রফি খরা কাটাতে এবার বড় আশা নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল, কিন্তু শেষ ষোলোতেই থামল তাদের যাত্রা।

ব্যর্থতার গ্লানি থাকলেও সমর্থকদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে আগামী বিশ্বকাপের জন্য নতুন উদ্যমে প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়ে মাঠ ছাড়ল নেইমার-ভিনিসিয়ুসরা।

মানবকণ্ঠ/ডিআর