কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপির একটি টহল দল উপজেলার ডিগ্রীচর এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে ৪৭ বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উদয়নগর বিওপির টহল দলটি ডিগ্রীচর এলাকায় অভিযান চালায়। তল্লাশিকালে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উল্লেখিত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় বিজিবির এই গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments