যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে ২-১ গোলের ব্যবধানে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হলো বেলজিয়ামের বিশ্বকাপ যাত্রা। আর এই হারের সাথেই কেভিন ডি ব্রুইনে ও রোমেলু লুকাকুর মতো তারকা ফুটবলারদের বিশ্বকাপ অধ্যায়েরও করুণ সমাপ্তি ঘটলো। তবে চোটের কারণে বেঞ্চে বসে সতীর্থদের বিদায় দেখতে হলেও দলের ‘গোল্ডেন জেনারেশন’ নিয়ে করা সমালোচনার কড়া জবাব দিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া।
গত এক দশকে বেলজিয়াম একাধিকবার ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকলেও বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি। তাদের সেরা সাফল্য ২০১৮ বিশ্বকাপের তৃতীয় স্থান। শুক্রবার স্পেনের বিপক্ষে ম্যাচে ৭১ মিনিটে চোট পেয়ে কোর্তোয়া মাঠ ছাড়লে বদলি গোলরক্ষক সেনে ল্যামেন্সের ভুলে হার নিশ্চিত হয় বেলজিয়ামের। এরপরই শুরু হয় সমালোচনা—‘শিরোপা না জিতলে কিসের গোল্ডেন জেনারেশন?’
এসব সমালোচনার জবাবে ৩৪ বছর বয়সী কোর্তোয়া বলেন, “আমরা বেলজিয়াম—ইংল্যান্ড, স্পেন বা ফ্রান্সের মতো বড় দেশ নই। আমাদের জনসংখ্যা ১ কোটি ২০ লাখের কম। তা সত্ত্বেও আমরা বড় টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অসাধারণ খেলেছি এবং ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলাম। শিরোপা জেতাই শেষ কথা নয়, বিশ্বের অনেক বড় ফুটবলারও কখনো আন্তর্জাতিক শিরোপা জিততে পারেননি।”
২০১৮ সালের বিশ্বকাপের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, ওই বিশ্বকাপে সবচেয়ে আকর্ষণীয় ফুটবল আমরাই খেলেছিলাম। তাই যা অর্জন করেছি, তা নিয়ে আমরা গর্বিত।”
দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে কোর্তোয়া জানান, বেলজিয়ামের যুব একাডেমিগুলো দুর্দান্ত কাজ করছে এবং নতুন প্রজন্মের প্রতিভারা আগামী ইউরো বা বিশ্বকাপে দলকে আরও শক্তিশালী হিসেবে ফিরিয়ে আনবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments