Image description

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই থেকে কলম্বিয়ার বিদায়ের পর ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন দলের মিডফিল্ডার হ্যামিন্টন ক্যাম্পাজ। তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন (এফসিএফ)।

গত মঙ্গলবার (৭ জুলাই) সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় কলম্বিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র থাকা ম্যাচটিতে একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছিলেন ক্যাম্পাজ। যদিও টাইব্রেকারে তিনি গোল করতে সক্ষম হন, কিন্তু দলের হার এড়ানো যায়নি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তাকে লক্ষ্য করে হুমকি দেওয়া শুরু হয়।

শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে ফেডারেশন জানায়, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার কারণে কোনো খেলোয়াড় বা তার পরিবারকে হুমকির মুখে পড়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এফসিএফ এই ঘটনার দ্রুত তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত করতে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে, নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ক্যাম্পাজ। তিনি লেখেন, “ফুটবলে জয়-পরাজয় থাকবেই। কিন্তু কোনো ফলাফলই ঘৃণা বা সহিংসতার কারণ হতে পারে না।”

এই ঘটনা কলম্বিয়ার ফুটবলের এক কলঙ্কিত ইতিহাসকে আবারও সামনে এনেছে। ১৯৯৪ সালের বিশ্বকাপে আত্মঘাতী গোলের জেরে দেশে ফিরে প্রাণ হারিয়েছিলেন ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। ক্যাম্পাজকে দেওয়া এই হুমকি নতুন করে সেই আতঙ্কের জন্ম দিয়েছে ফুটবল অঙ্গনে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, অতীতের পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।

মানবকণ্ঠ/ডিআর