নাটোরের লালপুর উপজেলায় ১২ বছরের নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর সাতপুকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আঃ লতিফ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির মা জুথি খাতুনের সঙ্গে লতিফের বেশ আগেই বিবাহবিচ্ছেদ হয়। মা অন্যত্র বিয়ে করায় শিশুটি তার নানার বাড়ি গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকায় থাকত এবং মাঝে মাঝে বাবার বাড়িতে যাতায়াত করত।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বাবার ডাকে ওই শিশুটি দুর্গাপুর এলাকায় তার বাড়িতে বেড়াতে আসে। দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লতিফ তার শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণ করে। পরদিন সকালে শিশুটি নানার বাড়িতে ফিরে গিয়ে বিষয়টি খুলে বললে ঘটনাটি জানাজানি হয়।
পরে শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আঃ লতিফকে গ্রেফতার করে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, নিজ কন্যার সঙ্গে এমন নৃশংস ও ন্যক্কারজনক ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments