চাঁদপুরে মতলব সেতুর সংযোগ সড়কে ফের ভয়াবহ ধস, দুর্ঘটনার শঙ্কা
চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর ওপর নির্মিত ‘মতলব সেতু’র উত্তর পাশের সংযোগ সড়কে আবারও ভয়াবহ ধস দেখা দিয়েছে। টানা ভারী বর্ষণে সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় আকারের সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি সড়কটি বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে শুক্রবার (১০ জুলাই) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম। এসময় তিনি ধসে যাওয়া অংশ দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
সরেজমিনে দেখা যায়, সেতুর উত্তর পাশের বাইশপুর এলাকায় সংযোগ সড়কের নিচে বড় একটি ফাঁপা অংশ বা সুড়ঙ্গ তৈরি হয়েছে। ওপর থেকে সড়কটি স্বাভাবিক মনে হলেও নিচের মাটি না থাকায় ভারী যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। এই সড়কটি চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ আশপাশের বিভিন্ন জেলার মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র কয়েক মাস আগেই একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই অংশটি সংস্কার করেছিল। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতেই তা ধসে যাওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী জানান, বারবার একই জায়গায় ধস নামলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে প্রতি বর্ষায় তাদের আতঙ্কের মধ্যে চলাচল করতে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম জানান, বৃষ্টির কারণে সড়কের ওই অংশে সুড়ঙ্গ তৈরি হয়েছে। জননিরাপত্তা রক্ষায় দ্রুত মেরামতের কাজ শুরু করার প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments