Image description

টানা অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ তিন মাস পর কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিটই একযোগে সচল হয়েছে। সবকটি ইউনিট চালু হওয়ায় কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৪২ মেগাওয়াট, ২ নম্বর থেকে ৪২ মেগাওয়াট, ৩ নম্বর থেকে ৩৫ মেগাওয়াট, ৪ নম্বর থেকে ৩০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত এই মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

প্রকৌশলী মাহমুদ হাসান জানান, চলতি বছরের এপ্রিল মাস থেকে হ্রদে পানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। দীর্ঘ সময় ধরে ইউনিটগুলো একযোগে চালু রাখা সম্ভব হয়নি। এমনকি পানির অভাবে উৎপাদন সর্বনিম্ন ৯৬ মেগাওয়াটে নেমে এসেছিল। তবে সাম্প্রতিক টানা বর্ষণে হ্রদে পানির পরিমাণ বাড়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ৮৫ দশমিক ৪৪ ফুট (মীন সী লেভেল বা এমএসএল)। রুলকার্ভ অনুযায়ী এই সময়ে হ্রদে ৯০ দশমিক ৩১ ফুট এমএসএল পানি থাকার কথা। হ্রদটির সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

কর্তৃপক্ষ জানায়, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং হ্রদে পানির প্রবাহ আরও বৃদ্ধি পেলে উৎপাদন ক্ষমতা আরও বাড়বে। পর্যাপ্ত পানি থাকলে কেন্দ্রের পাঁচটি ইউনিট পূর্ণ ক্ষমতায় সচল রেখে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

মানবকণ্ঠ/ডিআর