ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতা, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু ও মাদকের মতো বড় সংকট মোকাবিলা করা সম্ভব নয়।
শনিবার (১১ জুলাই) খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান খেলার মাঠে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, “১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি এলাকার সন্তান হিসেবে মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই এখন আমার প্রধান লক্ষ্য।”
মাদকের ভয়াবহতা নিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকমুক্ত ঢাকা-৯ গড়ে তুলতে প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে।” পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট করে বলেন, কেউ যদি চাঁদাবাজি বা মাদকের সঙ্গে জড়িত থাকেন, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না; বরং তাকে আইনের মুখোমুখি হতে হবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব নাগরিককে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনার কাজ চলছে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে যাতে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা যায়।
ডেঙ্গু প্রতিরোধে পরবর্তী ৩০ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ সহযোগিতা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “আমি জনগণের একজন সেবক ও ভাই হিসেবে জবাবদিহির মাধ্যমে ঢাকা-৯ আসনকে একটি আদর্শ এলাকায় পরিণত করতে চাই।”
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments