গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উদ্দিন উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তিনি ভারত থেকে বিভিন্ন পণ্য এনে বাংলাদেশে বিক্রি করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মিনহাজসহ ১২ জনের একটি দল সোনারহাট সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে সুপারি আনতে যায়। ফেরার পথে খাসিয়া বাগানের প্রহরীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিনহাজ গুলিবিদ্ধ হন। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে বাংলাদেশে চলে আসলেও মিনহাজ সেখানেই আটকা পড়েন। পরবর্তীতে যে খাসিয়ার কাছ থেকে তারা সুপারি কিনেছিলেন, তিনিই আহত মিনহাজকে উদ্ধার করে শনিবার সকাল ৭টার দিকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হরিপুর এলাকায় গাড়িতেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, গুলিবিদ্ধ মিনহাজকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী মিনহাজ উদ্দিন ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments