Image description

রংপুরের পীরগাছায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে (৩য় শ্রেণি) ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পাওটানা হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের শমেস উদ্দিনের ছেলে। তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুর প্রতিবেশী দাদা হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাছ ধরতে নিয়ে যাওয়ার কথা বলে ওই শিশুকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় শহীদুল ইসলাম। সেখানে নির্জনতার সুযোগ নিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত শহীদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি পীরগাছা থানা পুলিশকে জানালে তারা দ্রুত অভিযানে নামে। বিকেলেই থানা পুলিশের একটি দল উপজেলার পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক শহীদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে তাকে আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

মানবকণ্ঠ/ডিআর