ঢাকার কেরানীগঞ্জে একটি ভবনের গ্যাসলাইনের মেরামতকাজ চলাকালে পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১১ জুলাই) ভোরে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ বড়ইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকরা হলেন— রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। তাদের মধ্যে রাকিবের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহতদের সহকর্মী সজীব জানান, শুক্রবার রাত থেকে খেজুরবাগ বড়ইতলা এলাকায় আরিফ মিয়ার বাড়িতে গ্যাসলাইনের সংযোগ মেরামতের কাজ করছিলেন তারা। শনিবার ভোরের দিকে পাইপলাইনে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ঝলকানিতে তার তিন সহকর্মী দগ্ধ হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে ভোর ৫টার দিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। রাজন ও সুমনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ড্রেসিং চলছে। বর্তমানে তিনজনের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গ্যাসলাইনের কাজ চলাকালেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। গ্যাসলাইনে কোনো ত্রুটি ছিল কি না বা নিরাপত্তা বিধিতে গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে বক্তব্য জানতে তিতাস গ্যাস কেরানীগঞ্জ জোনের ব্যবস্থাপক নাজির হোসেন দেওয়ানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মানবকণ্ঠ/ডিআর




Comments