২০০৭ সালের বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে তোলা একটি সাধারণ ছবি প্রায় ১৮ বছর পর ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ফ্রেমে পরিণত হয়েছে। ছবিতে দেখা যায়, ২০ বছর বয়সী তরুণ লিওনেল মেসি একটি শিশুকে গোসল করাতে সাহায্য করছেন। সেই শিশুটি আর কেউ নন, বর্তমান ফুটবল বিশ্বের বিস্ময় বালক লামিন ইয়ামাল। আসন্ন বিশ্বকাপ ফাইনালের আগে এই ভাইরাল ছবি নিয়ে এবার নিজের বিস্ময় ও অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ অংশ নিয়ে মেসি বলেন, ‘ওই ছবিটা সত্যিই অবিশ্বাস্য। ও তখন একটা ছোট দুগ্ধপোষ্য শিশু ছিল, যার সঙ্গে আমি ছবিটা তুলেছিলাম। আর আজ আমরা বিশ্বমঞ্চের ফাইনালে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছি! কী অদ্ভুত এক নিয়তি!’
১৯ বছর বয়সী স্প্যানিশ তারকার ভূয়সী প্রশংসা করে মেসি বলেন, ‘বিষয়টি সত্যিই অবিশ্বাস্য (ক্রেজি)। ইয়ামাল এক অসাধারণ খেলোয়াড়। এত কম বয়সেই সে স্পেনের হয়ে ইউরো জিতেছে। ওর পুরো ভবিষ্যৎ সামনে পড়ে আছে। আমি সবসময়ই তার মঙ্গল কামনা করি।’
তবে বন্ধুত্বের চেয়েও শিরোপাকে বড় করে দেখছেন মেসি। তিনি আরও যোগ করেন, ‘আমি তার জন্য শুভকামনা জানাই। কিন্তু এবার সে যেন চ্যাম্পিয়ন হতে না পারে, সেটাই চাই। আমরা শিরোপার জন্য আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।’
ছবিটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনোও। তিনি বলেন, ‘প্রথমবার ছবিটি দেখে আমার মনে হয়েছিল এটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কোনো ছবি। পরে বুঝলাম এটি বাস্তব। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় এবং ভবিষ্যতের সম্ভাব্য আরেক সেরার এমন একটি ছবি সত্যিই অবিশ্বাস্য। আশা করি, এই দুই তারকাকে ঘিরে আমরা একটি স্মরণীয় ফাইনাল উপভোগ করতে পারব।’
উল্লেখ্য, ২০০৭ সালে স্থানীয় সংবাদপত্র স্পোর্ট ও ইউনিসেফের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিটি তোলা হয়েছিল। দীর্ঘ সময় অগোচরে থাকার পর ইয়ামালের বাবা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করলে এটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
মানবকণ্ঠ/ডিআর




Comments