Image description

ডোপ টেস্টে নিষিদ্ধ গাঁজা সংশ্লিষ্ট উপাদানের উপস্থিতি ধরা পড়ায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতির মাধ্যমে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

আইসিসি জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন মোহাম্মদ নেওয়াজের ডোপ টেস্ট করা হয়। তার নমুনায় 'কার্বক্সি-টিএইচসি'র উপস্থিতি পাওয়া গেছে। এটি গাঁজার মনঃপ্রভাবকারী উপাদান টিএইচসি’র একটি বিপাকজাত উপাদান। আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিমালা অনুযায়ী এটি 'সাবস্ট্যান্স অব অ্যাবিউজ' হিসেবে তালিকাভুক্ত।

মোহাম্মদ নেওয়াজ ডোপিং বিধি ভঙ্গের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে তিনি আইসিসিকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে, নিষিদ্ধ উপাদানটি তিনি খেলার মাঠে পারফরম্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করেননি। অপরাধের গুরুত্ব ও পারিপার্শ্বিকতা বিবেচনা করে তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা গত ১ মে থেকে কার্যকর ধরা হয়েছে, যেদিন তিনি স্বেচ্ছায় অস্থায়ী নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন।

নিষেধাজ্ঞার মেয়াদের মধ্যে ইতোমধ্যে আড়াই মাস কাটিয়েছেন নেওয়াজ। আইসিসি জানিয়েছে, পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হওয়ায় তার ওপর থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে ডোপিং বিধিমালার ধারা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি থেকে ১ মে পর্যন্ত নেওয়াজের করা ব্যক্তিগত সব পারফরম্যান্সের রেকর্ড বাতিল করা হয়েছে।

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন এই অলরাউন্ডার। সেখানে তিনি ‘গল গ্যালান্টস’-এর হয়ে খেলছেন। যেহেতু নিষেধাজ্ঞার মেয়াদ কার্যকর হওয়ার তারিখ অনুযায়ী প্রায় শেষ পর্যায়ে, তাই তার খেলা চালিয়ে যেতে আর কোনো বাধা নেই। গতকালও (শুক্রবার) দলের জয়ে গুরুত্বপূর্ণ অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি।

মানবকণ্ঠ/ডিআর