Image description

পাকিস্তানের ইসলামাবাদে চলমান সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) পুরুষ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। একই দিনে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৭৩ ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সেমিফাইনালে উজবেকিস্তানকে টানা তিন সেটে (৩-০) হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কাকে হারানোয় শিরোপা নির্ধারণী ম্যাচে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

ফাইনালে ওঠার পথে টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর ইতিবাচক প্রভাব পড়েছে এফআইভিবির বিশ্ব র‌্যাঙ্কিংয়েও। প্রতিযোগিতা শুরুর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৮তম। সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে দলটি উঠে এসেছে ৭৫ নম্বরে।

দীর্ঘদিন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংভিত্তিক টুর্নামেন্টে নিয়মিত অংশ নিতে না পারায় পিছিয়ে ছিল বাংলাদেশ। সর্বশেষ ২০২৩ সালের এশিয়ান পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে র‌্যাঙ্কিং পয়েন্ট অর্জনের সুযোগ পেয়েছিল দলটি। এবার কাভা চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক জয়ের সুবাদে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ।

লিগ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে কেবল স্বাগতিক পাকিস্তানের কাছে হেরেছিল হরষিত বিশ্বাসের দল। তবে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। এরপর সেমিফাইনালে আবারও উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

কাভা পুরুষ চ্যাম্পিয়নশিপে এর আগে একবারই শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের ফাইনালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবার স্বাগতিক পাকিস্তানকে হারাতে পারলে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ।