Image description

| ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে সুযোগ না পাওয়ার পর ১৭ বছর বয়সী এক নারী ক্রিকেটারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়া জানায়, নিহত ক্রিকেটারের নাম আদিতি মোরেশ্বর চৌখান্ডে। তাঁর বাড়ি মহারাষ্ট্রের আকোলা জেলায়। উন্নত প্রশিক্ষণের জন্য প্রায় দুই বছর আগে মায়ের সঙ্গে নাগপুরে চলে আসেন তিনি। সেখানে একটি ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করতেন এবং বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দল ঘোষণায় নিজের নাম না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আদিতি। গত বুধবার সকালে নাগপুরের লক্ষ্মীনগর এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, "আমি দলে জায়গা পাইনি।"

তদন্তকারীদের ধারণা, দলে সুযোগ না পাওয়ার হতাশাই তাঁর মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করতে রাজি নয় পুলিশ।

নাগপুরের বাজাজ নগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্রিকেটে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছিলেন আদিতি। তাঁর ভাইও একজন পেশাদার ক্রিকেটার।