চোটের উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা। রোববার (২ আগস্ট) রাতে তিনি ঢাকায় পৌঁছান। বাংলাদেশ দল বর্তমানে ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও চোটের কারণে এই সফরে স্কোয়াডে নেই তিনি।
বিসিবি সূত্রে জানা গেছে, নাহিদ রানা কোনো সাধারণ পেশির চোট বা সাইড স্ট্রেইনে ভুগছেন না। তার দুই পায়ে রয়েছে দীর্ঘদিনের ‘ক্রনিক শিনবোন’ সমস্যা। মূলত পায়ের টিবিয়া হাড়ের ভেতরের অংশে দীর্ঘস্থায়ী ব্যথার কারণে বোলিং করতে সমস্যায় পড়ছিলেন তিনি। দেশের মাটিতে কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়া চললেও স্থায়ী সমাধানের লক্ষ্যে বিসিবি তাকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়।
অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ শেষে বর্তমানে নাহিদ রানার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো বলে জানা গেছে। তবে তিনি কবে নাগাদ পূর্ণ শক্তিতে মাঠে ফিরতে পারবেন, তা চিকিৎসকদের দেওয়া পরবর্তী নির্দেশনার ওপর নির্ভর করছে। তার পুনর্বাসন প্রক্রিয়া পুনরায় দেশে শুরু হবে।
উল্লেখ্য, চোটের কারণে নাহিদ রানা ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। তবে সফরের মাঝপথে বাংলাদেশ শিবিরের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছেন লিটন দাস। চোট কাটিয়ে শেষ মুহূর্তে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। প্রথম টেস্টের একাদশে তাকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments