Image description

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, ২০২৬-২৭ মৌসুমই সম্ভবত তার খেলোয়াড়ি জীবনের শেষ বছর হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি তিনি।

বিখ্যাত সাময়িকী ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই ফুটবলে আমার শেষ বছর। আমি এমন এক কীর্তি করে যেতে চাই, যা মানুষ আজীবন মনে রাখবে।’

অবসরের পরের জীবন নিয়েও পরিকল্পনা করছেন রোনালদো। ফুটবল ছাড়ার পর কীভাবে সময় কাটাবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই রয়েছে।

রোনালদো বলেন, ফুটবল ছাড়ার পর জীবনে বড় একটি শূন্যতা তৈরি হতে পারে। সেই শূন্যতা পূরণ করতে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি।

অবসরের পর আরও আনন্দ করা, বেশি ভ্রমণ এবং প্যাডেল খেলা দেখতে ও খেলতে চান এই তারকা। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন অর্জনগুলো উপভোগ করতে চান।

রোনালদোর এমন মন্তব্যের পর তার অবসর নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

২০০২ সালে স্পোর্তিং লিসবনের হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে অভিষেক হয় রোনালদোর। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ইউরোপের শীর্ষ ক্লাব মাতিয়েছেন তিনি। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্য পেলেও রোনালদোর ট্রফির তালিকায় নেই বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপেও পর্তুগালকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি তিনি। ফলে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি এখনো অধরাই রয়ে গেছে।

তবে ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর অর্জনের তালিকা দীর্ঘ। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭৬ গোল করেছেন তিনি। ক্যারিয়ারের শেষ সময়ে তার অন্যতম বড় লক্ষ্য ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা।

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদোও।

এসএস