ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার সেলহার্স্ট পার্কে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়েছে এনজো মারেস্কার দল। ম্যাচে জোড়া গোল করেছেন আর্লিং হ্যালান্ড ও রায়ান চের্কি। এই জয়ে মৌসুমের প্রথম দুই ম্যাচেই পূর্ণ ছয় পয়েন্ট তুলে নিল সিটি।
ম্যাচের ১৭তম মিনিটে অ্যান্টোয়ান সেমেনিওর ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে দেন হ্যালান্ড। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা।
বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সিটি। ৫৪ মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন চের্কি। তবে মাত্র কয়েক মিনিটের মধ্যে পাল্টা আঘাত হানে প্যালেস। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক ক্রসবারে লেগে সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান কমিয়ে আনে স্বাগতিকরা।
তবে প্যালেসের ঘুরে দাঁড়ানোর সুযোগ বেশি সময় স্থায়ী হয়নি। ৫৯ মিনিটে আবারও জালে বল পাঠিয়ে সিটির ব্যবধান ৩-১ করেন চের্কি। পাঁচ মিনিটের ব্যবধানে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ফরাসি মিডফিল্ডার।
শেষদিকে ম্যাচে আরও একবার প্যালেসের জালে বল জড়ান হ্যালান্ড। ৮৫ মিনিটে ফিল ফোডেনের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে সিটির জয় নিশ্চিত করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।
নতুন কোচ মারেস্কার অধীনে সিটির এটি টানা দ্বিতীয় জয়। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে মৌসুমের শুরুতেই নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের এটি টানা দ্বিতীয় হার।
সিটির পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ কোভেন্ট্রি সিটি। এরপর অপেক্ষা করছে ম্যানচেস্টার ডার্বি। শুরুটা যেভাবে হয়েছে, তাতে নতুন কোচের অধীনে সিটি যে এবারও শিরোপার অন্যতম দাবিদার, তার জোরালো বার্তাই মিলেছে।
এমআর




Comments