শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর নিজের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে শেফিল্ড। এই জয়ের মাধ্যমে চলতি মৌসুমে নিজেদের প্রথম জয়ের দেখা পেল ক্লাবটি।
এদিন ম্যাচের শুরুর একাদশেই ছিলেন হামজা চৌধুরী। ঘরের মাঠ ব্রামাল লেনে অনুষ্ঠিত এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলেছে শেফিল্ড। পরিসংখ্যানে দেখা যায়, ম্যাচের ৫৩ শতাংশ সময় বল শেফিল্ডের নিয়ন্ত্রণে ছিল এবং তারা প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে ২০টি শট নেয়। অন্যদিকে, ৪৭ শতাংশ বল দখলে রাখা বোল্টন ২১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র পাঁচটি।
ম্যাচের শুরুটা অবশ্য শেফিল্ডের জন্য সুখকর ছিল না। খেলা শুরুর প্রথম মিনিটেই জাভিয়ার সিমন্সের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে খুব বেশি সময় নেয়নি তারা; তিন মিনিটের মাথায় গোল শোধ করে সমতায় ফেরে শেফিল্ড। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর বিরতি থেকে ফিরে আবারও এগিয়ে যায় সফরকারী বোল্টন। স্যাম ডাল্বির গোলে ম্যাচে ২-১ ব্যবধানে লিড নেয় তারা।
পিছিয়ে পড়ার এক মিনিট পরই প্যাটট্রিক ব্যামফোর্ডের গোলে আবারও সমতায় ফেরে শেফিল্ড। ম্যাচের স্কোর যখন ২-২, তখন মনে হচ্ছিল ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে দুদলকে। কিন্তু নাটকীয়তার তখনও বাকি ছিল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে রোমেলে ডোনোভান জয়সূচক গোলটি করলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হামজা চৌধুরীর দল।
মৌসুমের প্রথম তিন ম্যাচে ড্র করে পয়েন্ট হারানো শেফিল্ড ইউনাইটেড চতুর্থ ম্যাচে এসে হামজার উপস্থিতিতে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করল।
ডিআর




Comments