বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় করা চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেপ্তার বান্ধবী জেরিকা তাসনিম দিশার পুনরায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রথম দফার রিমান্ড শেষ হওয়ার পর আসামিকে আদালতে হাজির করে আবারও জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানালে বিচারক এই আদেশ দেন।
বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
প্রথম দফার ৪ দিনের রিমান্ড শেষে বুধবার দিশাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে আসামির আরও রিমান্ডের জোর দাবি জানানো হয় এবং আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন আদালতকে জানান, চতুর প্রকৃতির আসামি দিশা প্রথম দফার রিমান্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও মূল রহস্য উদঘাটনে তাঁকে আরও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবশ্যকতা তুলে ধরে সাতটি নির্দিষ্ট কারণ দর্শান তিনি।
রিমান্ড আবেদনের ৭টি প্রধান কারণ
১. ঘটনার দিন (২৭ অক্টোবর) উত্তরা ১৮ নম্বর সেক্টরের সিপি ফাইভ স্টার ফাস্টফুডে খাওয়ার সময় দুজনের মধ্যে কোনো বাকবিতণ্ডা হয়েছিল কিনা তা যাচাই।
২. ঘটনার দিন উত্তরায় 'নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট'-এ দুজনের মধ্যে কোনো মনস্তাত্ত্বিক টানাপোড়েন বা কথাকাটাকাটি হয়েছিল কিনা।
৩. ঘটনার আগে থেকে উভয়ের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন চলছিল কিনা।
৪. হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন।
৫. ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অপর আসামিদের সনাক্ত ও গ্রেপ্তার।
৬. গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার।
৭. বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা অপর সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং দিশার বক্তব্যের 'ক্রস চেক' করা।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময়কার ভিডিও ধারণকারী হিসেবে সামাজিক মাধ্যমে বহুল আলোচিত ছিলেন। ২৭ অক্টোবর সন্ধ্যায় তিনি বন্ধু দীপের ডাকে নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হন।
তদন্তে জানা গেছে, ২৭ অক্টোবর রাতে তাহসিফ, দিশা ও দীপ একত্রে মোটরসাইকেলে ঘোরাঘুরি ও নেস্ট বারে অবস্থান করেছিলেন। পরবর্তীতে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) গভীর রাত ২টার দিকে রাজধানীর কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে এই মামলায় মূল সন্দেহভাজন দীপ ও বান্ধবী দিশা—উভয়কেই মুখোমুখি দাঁড় করিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ চালাচ্ছ তদন্তকারী নৌ পুলিশ।
ডিআর




Comments