Image description

ডেনিস কম্পটনের কথা মনে আছে? মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের হয়ে ১৯৪৮-৪৯ মৌসুমে ইংল্যান্ডের হয়ে এই ব্যাটার যা করেছিলেন তা এখনও মনে রেখেছে ক্রিকেট বিশ্ব। ৩০০ রান করেছিলেন মাত্র ১৮১ মিনিটে। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে নর্থ-ইষ্টার্ন দলের বিপক্ষে তার কীর্তি আজও আলো ছড়ায়। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেটিই ছিল এতো বছর অতিথি দলের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রান। ৭৭ বছর পর সেই রেকর্ডটা ভেঙে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন। রানের দিক থেকে ছাড়িয়ে গেছেন কম্পটনকে। ফলে প্রোটিয়াদের মাটিতে অতিথি দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড তাওহীদের দখলে। সংখ্যাটা, ৩৫০ নট আউট।

এছাড়া বেশি কিছু রেকর্ডে তাওহীদ নিজেকে জড়িয়ে নিয়েছেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দেশের বাইরে ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি। এর আগে ২০০৩ সালে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ পাকিস্তানের করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে ২১৮ রান করেছিলেন। সেটিই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশ ‘এ’ হয়ে কোনো ব্যাটসম্যানের একমাত্র ডাবল সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরির ইনিংস খেলে শাহরিয়ারের কীর্তিকে ছাড়িয়ে যাওয়ার পর নিজেকে আরও একধাপ উপরে নিয়ে গেছেন এই ব্যাটসম্যান। 

বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তাওহীদ প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। তাওহীদের আগে ডাবল সেঞ্চুরি আছে রাকিবুল হাসান ও তামিম ইকবালের। দুজনই করেছেন ঘরোয়া ক্রিকেটে। তামিম ২০১৯-২০ মৌসুমে বিসিএলে ইষ্ট জোনের হয়ে ৩৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। এর আগে রাকিবুল হাসান ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে করেছিলেন ৩১৩ রান।

তামিমের অপরাজিত ৩৩৪ রান ছিল এতোদিন সর্বোচ্চ। পচেফস্ট্রুমে ম্যাচের চতুর্থ দিন চা বিরতির পর তামিমের রানকে ছাড়িয়ে নতুন ইতিহাস লেখেন তাওহীদ। ৩৫০ রানের পর দলের ইনিংস ঘোষণা করেন তাওহীদ। ৪৮১ বলে ২৭ চার ও ১০ ছক্কায় ইনিংটি খেলেন এই ব্যাটার। ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে তাওহীদের ইনিংসটি বাংলাদেশ ক্রিকেটে সর্বোচ্চ। 

তাওহীদের ঐতিহাসিক ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে ৬৭৬ রান তুলেছে। যা প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের যেকোনো দলের সর্বোচ্চ দলীয় রান। এর আগে ২০১৩ সালে গলে বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কার গলে ৬৩৮ রান করেছিল। 

তাওহীদের ট্রিপল সেঞ্চুরির ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ কিছু রেকর্ড হয়েছে। যা নিশ্চিতভাবেই তাওহীদ ও বাংলাদেশ ‘এ’ দলকে যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলবে।
এমআর