Image description

দীর্ঘ ইনজুরি থেকে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরছেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে টমি পলকে সরাসরি সেটে পরাজিত করে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছেন স্পেনের এই তারকা।

চোট থেকে ফেরার পর মাত্র চতুর্থ প্রতিযোগিতামূলক একক ম্যাচ খেলতে নেমেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ২৩ বছর বয়সী আলকারাজ। যুক্তরাষ্ট্রের ২০তম বাছাই পলকে তিনি হারিয়েছেন সরাসরি সেটে, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে।

এবারের ইউএস ওপেনে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে মাত্র একটি সেট হেরেছেন আলকারাজ। শেষ আটে তার প্রতিপক্ষ হতে পারতেন যুক্তরাষ্ট্রের বেন শেলটন বা গ্রিসের স্তেফানোস সিৎসিপাস। পরে অবশ্য সিৎসিপাসকে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন শেলটন।

চোটের কারণে গত ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে খেলতে পারেননি আলকারাজ। এর আগে সর্বশেষ দুটি গ্র্যান্ড স্লাম- গত বছরের ইউএস ওপেন ও এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। পলের বিপক্ষে এই জয় গ্র্যান্ড স্লামে তার টানা ম্যাচ জয়ের সংখ্যা নিয়ে গেল ১৮-তে।

ম্যাচ শেষে কোর্টে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি আবার ‘পূর্ণ শক্তিতে’ ফিরেছেন কি না। 

হাসতে হাসতে আলকারাজ বলেন, ‘আমার মনে হয়, হ্যাঁ। ২০২১ সালে ইউএস ওপেনে অভিষেকের পর এক বছর ছাড়া প্রতিবারই এখানে কোয়ার্টার ফাইনালে উঠেছি। এখানকার পরিবেশ আমার জন্য কতটা বিশেষ, সেটাই তা বলে দেয়। এখানে এলেই আমি নিজের সেরা খেলাটা খেলি।’

চোটের কারণে সাড়ে চার মাস বাইরে থাকার বিষয়টিও যেন তাকে খুব একটা ভাবাচ্ছে না। আলকারাজ বলেন, ‘আমি শুধু কোর্টে থাকাটা উপভোগ করতে চাই। সাড়ে চার মাস বাইরে ছিলাম কি না, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এখানে এলেই আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

তবে ম্যাচ শেষে কোয়ার্টার-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছেন, সেই প্রশ্নে খানিকটা বিভ্রান্তিতে পড়তে হয় আলকারাজকে।

ম্যাচ জয়ের পর ইএসপিএনের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নেন ২০০৩ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন অ্যান্ডি রডিক। কোয়ার্টার ফাইনালে শেলটন বা সিৎসিপাস- দুজনের সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলকারাজের মতামত জানতে চান রডিক।

প্রশ্ন শুনে আলকারাজ প্রথমে রডিককে আবার বলতে বলেন। রডিক তখন জানান, ‘তুমি শেলটন অথবা সিৎসিপাসের বিপক্ষে খেলবে।’

এরপর আলকারাজ রডিকের সামনে রাখা কাগজের দিকে তাকিয়ে বলেন, ‘সত্যি? ওহ মাই গড! আমি তো ভেবেছিলাম, আমি মেদভেদেভ-তিয়াফোর বিজয়ীর বিপক্ষে খেলব।’

দুজনের হাসিতে তখন সাক্ষাৎকারের পরিবেশও হয়ে ওঠে বেশ মজার।

রোববার আলকারাজ যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন একই সময়ে দানিল মেদভেদেভের বিপক্ষে খেলছিলেন ফ্রান্সেস তিয়াফো। শেষ পর্যন্ত মেদভেদেভকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন তিয়াফো।

তবে কোয়ার্টার-ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ হচ্ছেন না তিনি। তিয়াফো খেলবেন অ্যালেক্স মিকেলসেনের বিপক্ষে। আর আলকারাজের সামনে এখন বেন শেলটন।
এমআর