Image description

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথের টেস্ট ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। ৩৭ বছর বয়সী এই ব্যাটার আগামী বছরের অ্যাশেজে খেলবেন কি না, তা নিয়ে নিজেই অনিশ্চয়তার কথা জানিয়েছেন। তবে এখনই অবসরের কোনো নির্দিষ্ট সময় ঠিক করেননি বলেও জানিয়েছেন তিনি।

১২৫ টেস্টে ৩৭টি সেঞ্চুরি করা স্মিথ বর্তমানে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বদলে সিরিজ ধরে ধরে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আগামী বছর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ খেলবে অস্ট্রেলিয়া। ঐতিহ্যবাহী এই সিরিজে খেলার ইচ্ছা থাকলেও সেখানে তিনি থাকবেন কি না, সেটি নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্মিথ।

‘দ্য টেলিগ্রাফ’কে তিনি বলেন, ‘আমি জানিই না, তখন সেখানে থাকব কি না। বেশ কিছুদিন ধরেই আমি সিরিজ ধরে ধরে এগিয়ে যাচ্ছি। এখনো সেই সময়টা আমার জন্য অনেক দূরে।’

অবসরের বিষয়েও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেননি স্মিথ। প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছেন জানিয়ে তিনি বলেন, এখনো ক্রিকেট উপভোগ করছেন। তাই অবসরের নির্দিষ্ট তারিখও ঠিক করেননি।

স্মিথের সামনে এখন আরেকটি বড় লক্ষ্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। ক্রিকেটের এই আসরে অন্তর্ভুক্তির পর সেখানে খেলার স্বপ্ন দেখছেন তিনি। এ কারণে টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজেকে সক্রিয় রাখছেন।

বর্তমানে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে আমস্টারডাম ফ্লেমসের হয়ে খেলছেন স্মিথ। তার ভাষ্য, অলিম্পিকে খেলার প্রস্তুতি হিসেবে যতটা সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যেতে চান।

টেস্ট ক্রিকেট থেকে সরে গেলেও টি-টোয়েন্টিতে আরও কিছুদিন খেলার ইচ্ছা রয়েছে স্মিথের। তিনি বলেন, এখনো কিছু সময় টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারবেন বলে মনে করেন।

এদিকে অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী অক্টোবর থেকে তিন ম্যাচের এই সিরিজে খেলবে দুই দল। ২০১৮ সালের কেপটাউন বল টেম্পারিং কেলেঙ্কারির পর এই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাবেন স্মিথ। ওই ঘটনায় এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

তবে পুরোনো ঘটনা নিয়ে এখন আর বাড়তি আবেগ কাজ করে না বলে জানিয়েছেন স্মিথ। তার কাছে এটি অন্য যেকোনো সিরিজের মতোই।

৩৭ বছর বয়সেও টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ দুইয়ে থাকা স্মিথ এখনো অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যাটার। তবে আগামী অ্যাশেজে খেলা নিয়ে তার নিজের অনিশ্চয়তা টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

এসএস